শীতের কাঁপন শুরু পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ঋতু পরিবর্তনের পালাবদলে ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। ভোরবেলা ও রাতের হিমেল বাতাসে মিলছে শীতের আগমনী বার্তা। তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা মিলছে দিনে; সূর্য ওঠার পর থেকেই তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। একই দিনে সকাল-রাতের ঠান্ডা এবং দুপুরের গরমের এমন বৈরী আবহাওয়ায় এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন জেলার সাধারণ মানুষ।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্ব উত্তরের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগে রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পরিবর্তনের এই সময়ে জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর শীতের আমেজ বেশ জেঁকে বসছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমতে শুরু করেছে শিশিরবিন্দু। কোথাও কোথাও আবার কুয়াশার হালকা পরশও দেখা যাচ্ছে। সন্ধ্যার পর ঠান্ডার মাত্রা বাড়ায় অনেককে গরম কাপড় পরতে দেখা গেছে। শীতের আগাম প্রস্তুতি হিসেবে ঘরের বাক্স-পেট্রো থেকে বের করা হচ্ছে পুরোনো লেপ ও কম্বল।

এদিকে, আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে জেলার জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা জটিলতা নিয়ে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করা এই মৌসুমি অসুস্থতার শিকার হচ্ছেন বেশি বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিতে আসছেন অনেকে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে এসেছেন।

হাবিব হাসান নামের আরেক ব্যক্তি বলেন, দিনের বেলায় রোদে গরম লাগে, কিন্তু সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, এই সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

শুধু পঞ্চগড়েই নয়, সারা দেশেই এখন তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাসের সম্ভাবনা রয়েছে।

 

ইত্তেফাক/এমএসআর