খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিনভর দুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এতে দুর্ভোগের পড়েছেন বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘে ঢেকে রয়েছে। কখনও হালকা, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

নগরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনা মহানগরীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল কম। পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদেরও পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। বৃষ্টির কারণে অনেকের কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না। এছাড়া বৃষ্টিতে শীতের অনুভব বেড়েছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ৫টা পর্যন্ত খুলনায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, এই বৃষ্টিপাত যদি তিন দিনের বেশি হয় তাহলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।