ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ভোমড়াখালি, মুকসুদপুর, রাঘদি, দিকনগর, চরপ্রসন্নদী ও বড়ইতলা এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে বরিশাল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশালগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে।
যাত্রী এইচএম সানাউল্লাহ জানান, বরিশাল থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত মুকসুদপুর এলাকায় আটকা পড়েন। পরবর্তীতে সন্ধ্যা ৬টার পর ফের ঢাকায় না গিয়ে বরিশালে নিজ বাড়িতে ফিরে আসতে বাধ্য হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। মুকসুদপুরের রাঘদি, দিকনগর, চরপ্রসন্নদী ও বড়ইতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এর প্রভাব পড়ে পুরো ঢাকা-বরিশাল মহাসড়কে। বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন দিকনগর ও বড়ইতলা ব্রিজ এলাকায় এসে আটকে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যানবাহন সামনে এগোতে পারেনি।
অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বরিশালগামী যানবাহনও বিভিন্ন স্থানে আটকা পড়ে। সড়ক অবরোধের কারণে মাদারীপুরের টেকেরহাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতা এড়াতে মাদারীপুর থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা বাস মালিক সমিতি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে বিকল্প যানবাহনের সন্ধান করতে দেখা যায়। জরুরি কাজে ঢাকায় যাওয়া মানুষও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ওনের পুলিশ সুপার আহমেদ হুমায়ুন ইত্তেফাক ডিজিটালকে জানান, বেলা ১১টার দিকে শুরু হওয়া অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল ৪টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
তিনি আরও জানান, অবরোধের ফলে গোপালগঞ্জ থেকে বাস চলাচল না করতে পারায় বরিশাল থেকে খুলনার বাস চলাচল বন্ধ রয়েছে। হাইওয়ে পুলিশের সঙ্গে থানা পুলিশের সদস্যরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
এদিকে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এমন অচলাবস্থায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। যাত্রীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে।