বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটায় উদ্ধার

বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার। ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে।

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় যান। তার সর্বশেষ অবস্থান ছিল আলেকান্দা ও আমতলা এলাকায়। এরপর বৃহস্পতিবার কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান উপ কমিশনার সুশান্ত সরকার। উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত করলেও বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, তাকে কুয়াকাটা সী-বীচ থেকে সন্ধ্যা ৬টায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে গিয়েছিলেন। তার সাথে অন্য কেউ ছিল না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় আমরা একটু চিন্তিত ছিলাম। তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছেন। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্লাট ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাড়ি খুলনায়।