এক টেবিলে তিন শক্তিশালী নেতা, নেই শক্তিশালী বার্তা

বিশ্বের তিন পরাশক্তি দেশের তিন শক্তিশালী নেতা এক টেবিলে উপস্থিত হয়েছিলেন গতকাল বৃহস্পতিবার। চীনের শেনঝেনে এমন বিরল বৈঠকে পরমাণু অস্ত্র, ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা বিষয়ে আলোচনা হলেও বৈঠক থেকে শক্তিশালী কোনো বার্তা আসেনি। যদিও তিন দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে যা ‘শান্তি ঘোষণা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : বৈঠক থেকে শক্তিশালী বার্তা সরাসরি না আসলেও জাতিসংঘের সংস্কার, পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানো, জ্বালানি সরবরাহ বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত প্রকাশ করেছে রাশিয়া ও চীন। গতকাল বৃহস্পতিবার তিন দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পর এমন তথ্যই প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ত্রিপাক্ষিক বৈঠক বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে মনে করছেন অনেকে।

ত্রিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং সেই অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনার জন্য আমেরিকা, রাশিয়া ও চীন একমত প্রকাশ করেছে। ট্রাম্পের পথেই হেঁটে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনার কথা বলেন শি জিনপিং। চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বার্তা দিয়েছেন শি। অন্যদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন দেশের যৌথ বিজয়ের প্রসঙ্গ তুলে পুতিন বলেন, ‘আন্তর্জাতিক স্তরে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তিন দেশের যৌথ দায়িত্ব রয়েছে।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের শেষ চুক্তি চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।

পরমাণু অস্ত্র নিয়ে ভিন্নমত, তিন নেতার কথায় গুরুত্ব নেই : চীনের শেনঝেনে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ৮১ মিনিটের বৈঠক শেষ করেছেন ট্রাম্প। ঐ বৈঠক শেষে ট্রাম্প চীন ত্যাগ করেছেন। এই শীর্ষ সম্মেলনের পর যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া ‘শান্তি বিষয়ক একটি যৌথ ঘোষণা’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং এটি কখনোই লড়া উচিত নয়।’ তিন দেশের শীর্ষ নেতাদের এই বৈঠকের স্থান ত্যাগ করার সময় ক্রেমলিনের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে শিকে উদ্দেশ্য করে পুতিনকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না কেউ এমনকি এটাও আশা করেছিল যে সবকিছু এতটা ভালোভাবে সম্পন্ন হবে।’ পুতিন এবং ট্রাম্পের সঙ্গে শি তার এই বৈঠককে ‘ইতিবাচক, গঠনমূলক এবং অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, শি পারমাণবিক অস্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং পুরোপুরি ধ্বংস করা উচিত। পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং কখনোই লড়া উচিত নয়। তবে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, তা সম্ভব নয়। ট্রাম্প বলেই দিয়েছেন, পরমাণু অস্ত্র এক বার যদি তোমার হাতে চলে আসে, সেটা আর সঙ্গে না রাখা কঠিন। এভাবেই জীবন চলে। বৈঠকে হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরেন ট্রাম্প। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ একাধিকবার বন্ধ করায় বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে।

অন্যদিকে, শি জানিয়েছেন, ট্রাম্পের কার্যকালে আমেরিকা ও চীনের সম্পর্ক স্থিতিশীল হয়েছে। পুতিনের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন ট্রাম্প। প্রায় ৪০ মিনিট ধরে চলে সেই আলোচনা। গত বছর আলাস্কায় দুই নেতার বৈঠকের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসলেন তারা। পুতিনকে ‘বন্ধু’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই বৈঠক থেকে ভালো কিছু বেরিয়ে আসতে পারে। আবার ভালো কিছু বেরিয়ে আসার প্রক্রিয়াও শুরু হতে পারে।’ ট্রাম্প জানিয়েছে, এআই নিয়ে কোনো বৈশ্বিক নিয়ন্ত্রণ তার দেশ মানবে না।

আন্তর্জাতিক ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প-পুতিন-শির এই বৈঠক থেকে বড় কোনো সমঝোতা সূত্র বেরিয়ে আসার সম্ভাবনা কম। ইউক্রেন, ইরান, পরমাণু অস্ত্র কিংবা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সব পক্ষের মধ্যে বিস্তর মতপার্থক্য রয়েছে। তবে তিন বড় শক্তি একত্রিত হয়ে বিশ্ব মঞ্চে সম্প্রীতির বার্তা দিল। তার তাত্পর্য কম নয়। আবার এই তিন রাষ্ট্রপ্রধানকে একসঙ্গে দেখে তুলনামূলক ছোট দেশগুলো উদ্বিগ্ন। তারা অনেকেই আঞ্চলিক স্বার্থ উপেক্ষিত হবে বলে আশঙ্কা করছে। —দ্য গার্ডিয়ান, সিএনএন ও আলজাজিরা