‘সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার কার্যতালিকার গতকাল বৃহস্পতিবার ১ নম্বর ক্রমিকে থাকা ‘এস এম আমিনুজ্জামান ফারুক এবং অন্যান্য বনাম আইসিটি’ মামলা দীর্ঘ সময় ধরে শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ উপস্থিত ছিলেন না। উক্ত মামলা শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘সংক্ষিপ্ত রায়ে, কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’/ ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ মন্তব্য করেছেন মর্মে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে প্রধান বিচারপতি উক্ত মামলা শুনানির সময় এ ধরনের কোনো মন্তব্য করেননি।

গণমাধ্যমে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল। এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারের পূর্বে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী কর্তৃক যথাযথভাবে সংবাদের সঠিকতা যাচাই করা হলে এরূপ অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতো না। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এদিকে একই বিষয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আমাদের মনে রাখতে হবে, প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানগত মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, প্রধান বিচারপতির কোনো বক্তব্যকে বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।

আমি সংশ্লিষ্ট সব গণমাধ্যম, সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, যারা প্রধান বিচারপতির বক্তব্য সম্পর্কে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিত তথ্য প্রচার করেছেন, তারা যেন অবিলম্বে ঐ সংবাদ প্রত্যাহার করেন এবং যথাযথ সংশোধনী প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এম আমিনুল ইসলাম এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলেছেন, প্রধান বিচারপতি গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্যটি প্রদান করেননি; বরং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।