বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ অংশের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, মনিরুল হক ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পাওয়ায় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন মনিরুল হক ফরাজি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসান। ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তারা অস্ত্রধারী দুর্বৃত্তদের কবলে পড়েন। তবে হামলাকারীদের হাত থেকে ময়েন ও গাড়িচালক হাসান নিরাপদে সরে আসতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে যাচ্ছিলাম। পথে কয়েক জায়গায় রাস্তার ওপর গাছ ফেলা ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে ভাঙচুর শুরু করে। তারা আমাদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে চেক করে এবং মারধর করে। একপর্যায়ে আমাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পেয়ে সন্ত্রাসীরা “বিএনপি” বলে চিৎকার করে ওঠে। এরপর ফরাজিকে তারা ধরে নিয়ে যায়। সে সময় গাড়ি ফেলে আমি ও চালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে আসি।’
ময়েন আরও জানান, তিনি বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। বিষয়টি পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়েছে। একটি সূত্রের মাধ্যমে সড়কের পাশে তাদের গাড়িটি পড়ে থাকার খবর পেলেও এখন পর্যন্ত তারা সেখানে পৌঁছাতে পারেননি।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজির নিখোঁজের বিষয়টি জেনেছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে এবং দলীয় হাইকমান্ডের সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
এদিকে মনিরুল হক ফরাজির স্ত্রী-সন্তানেরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই তিনি বিষয়টি শুনেছেন এবং পুলিশ এ ব্যাপারে সার্বিক খোঁজখবর নিচ্ছে।