সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা, আর সন্ধ্যায় চাকরি হারানোর খবর। একই দিনে এমন দুই বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের কোচ ইয়ান ইভাট। ৪৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর মাত্র সাত ঘণ্টার ব্যবধানে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ক্লাবের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ইভাটকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই একই অ্যাকাউন্ট থেকে আসে তার বিদায়ের ঘোষণা। ফলে জন্মদিনের আনন্দের দিনটিই শেষ পর্যন্ত চাকরি হারানোর দিনে পরিণত হয় এই কোচের জন্য।

অবশ্য মাঠের পারফরম্যান্সের কারণে বেশ কিছুদিন ধরেই ইভাটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা চলছিল। ইংল্যান্ডের তৃতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ানে সর্বশেষ ১০ ম্যাচের ছয়টিতেই হেরেছে তার দল। পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে ব্ল্যাকপুল। দলের এমন ফলাফলের কারণে তার কোচের পদ নিয়ে প্রশ্ন উঠছিল। তবে জন্মদিনের দিনই তাকে ছাঁটাই করা হবে, তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইভাটের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে ব্ল্যাকপুল কর্তৃপক্ষ। প্রায় ১২ মাস আগে দলটির কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে মোট ৫৭টি ম্যাচ খেলেছে ক্লাবটি। কোচ হওয়ার আগে ব্ল্যাকপুলের খেলোয়াড় হিসেবেও দীর্ঘ সময় কাটিয়েছেন ইভাট।

২০০৬ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) কাছ থেকে ধারে ব্ল্যাকপুলে যোগ দিয়েছিলেন সাবেক এই ডিফেন্ডার। এরপর ২০১৩ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ২৫০টির বেশি ম্যাচ খেলেন তিনি। ২০১০-১১ মৌসুমে ব্ল্যাকপুলের প্রিমিয়ার লিগে ওঠার পেছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

একসময় খেলোয়াড় হিসেবে যে ক্লাবকে প্রিমিয়ার লিগে তুলতে ভূমিকা রেখেছিলেন, সেই ব্ল্যাকপুল থেকেই এবার কোচ হিসেবে বিদায় নিতে হলো ইভাটকে। আর বিদায়ের জন্য দিনটি ছিল তার ৪৫তম জন্মদিন। সকালে শুভেচ্ছাবার্তা আর কয়েক ঘণ্টা পরই চাকরি হারানোর ঘোষণা—ফুটবলে বিরল এক ঘটনার সাক্ষী হলো ব্ল্যাকপুল।