বাংলাদেশের জাতীয় সার্কুলার টেক্সটাইল স্ট্র্যাটেজির খসড়া পর্যালোচনা এবং অংশীজনের মতামত জানতে ঢাকায় এক জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুইচ টু সার্কুলার ইকোনমি ভ্যালু চেইনস’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) সম্প্রতি এই সভার আয়োজন করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ সভায় সরকারি প্রতিনিধি, শিল্প সংগঠন, ব্র্যান্ড, উৎপাদক, উন্নয়ন সহযোগী ও কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন। ২০২৬ সালের এপ্রিলে প্রথম অংশীজন সভার মাধ্যমে শুরু হওয়া প্রক্রিয়ার ধারাবাহিকতায় খসড়া কৌশলপত্রটি পরিমার্জন এবং চূড়ান্ত অনুমোদনের অগ্রাধিকার নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ও স্থানীয় অংশীদারদের সহযোগিতায় সুইচটুসিই-এর বৈশ্বিক নীতি অংশীদার চ্যাথাম হাউস এই কৌশলপত্র তৈরিতে নেতৃত্ব দিচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সার্কুলার টেক্সটাইল অপরিহার্য এবং উৎপাদন ব্যবস্থার টেকসই উন্নয়নে এ কৌশলপত্র সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসেন বলেন, রৈখিক (লিনিয়ার) থেকে বৃত্তাকার (সার্কুলার) ব্যবসায়িক মডেলে রূপান্তর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই সমৃদ্ধির বড় সুযোগ তৈরি করবে। তিনি উল্লেখ করেন, এ কৌশলপত্র শিল্প ও আর্থিক খাতকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বৈশ্বিক ও পরিবেশগত পরিবর্তনের প্রেক্ষাপটে খাতটির প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশনের অ্যাটাশে ও প্রোগ্রাম ম্যানেজার (ক্লাইমেট চেঞ্জ-গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) হুবার্ট ব্লম জানান, ইইউ তাদের অর্থনীতিকে সার্কুলার করতে বদ্ধপরিকর। ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে তৈরি পোশাক (আরএমজি) খাতকে ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’-এর মতো নতুন শর্ত মানতে হবে এবং এই কৌশলপত্র শিল্প খাতকে সেই রূপান্তরে সহায়তা করবে।
সভায় খসড়া কৌশলপত্রটি উপস্থাপন করেন চ্যাথাম হাউসের সিনিয়র রিসার্চ ফেলো ড. প্যাট্রিক শ্রোডার এবং সুইচটুসিই’র ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এম. আসাদুন নূর। ড. শ্রোডার বলেন, ইইউ-এর ‘ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন’-এর আওতায় সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে সহযোগিতার মূল ক্ষেত্র হবে, যা উৎপাদক ও ক্রেতাদের নতুন শর্তের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
সভায় শীর্ষ শিল্প সংগঠন বিজিএমইএ’র সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ রাশেদ প্রযুক্তিগত বিনিয়োগ, সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে একটি সমন্বিত জাতীয় কৌশলপত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনায় ভ্যালু চেইনজুড়ে সমন্বিত পদক্ষেপ, সহায়ক নীতি পরিবেশ ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। উপসচিব আলমগীর কবিরের সঞ্চালনায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং সুপারিশ অন্তর্ভুক্ত করে চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নিয়ে আলোচনার পর বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্ম সচিব ও সুইচটুসিই’র ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর মুহাম্মদ বদরুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা শেষ হয়।