পরকালে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া প্রত্যেক মুমিনের অন্যতম বড় আকাঙ্ক্ষা। ইসলামি শরিয়তে এমন কিছু সহজ ও কল্যাণকর আমলের পথ বাতলে দেওয়া হয়েছে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ও জাহান্নাম থেকে নিরাপদ থাকতে সহায়ক ভূমিকা পালন করে।
১. আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস রাখা
জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান রাখা। প্রকৃত ঈমান শুধু মুখে বলার বিষয় নয়; তা মানুষের চিন্তা, কথা ও কর্মেও প্রকাশ পায়। নবীজি (সা.) বলেছেন, ঈমানের সর্বোচ্চ শাখা হলো একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং সর্বনিম্ন শাখা হলো চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। (সহিহ মুসলিম: ৩৫)
২. সামর্থ্য অনুযায়ী দান করা
নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা গুরুত্বপূর্ণ আমল। এ জন্য বিপুল অর্থের প্রয়োজন নেই; সামান্য দানও আল্লাহর কাছে মূল্যবান। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না এবং পুণ্যকাজ বহুগুণে বাড়িয়ে দেন। (সুরা নিসা: ৪০)
৩. মানুষকে ভালো কাজের আহ্বান জানানো
আর্থিক সামর্থ্য না থাকলেও সৎকাজের উপদেশ ও ভালো কথার মাধ্যমে অন্যের উপকার করা যায়। পরিবার ও সমাজে ভালো কাজের চর্চা ছড়িয়ে দিলে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা সহজ হয়।
৪. অসহায় ও অক্ষম মানুষকে সাহায্য করা
যাঁরা দুর্বলতা বা অন্য কোনো কারণে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারেন না, তাঁদের সহযোগিতা করাও মুক্তির পথ। যেমন—বয়স্ক প্রতিবেশীর বাজার করে দেওয়া বা অক্ষম ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা।
৫. নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ও অন্যের ক্ষতি না করা
অন্যায়ের শিকার মানুষের পাশে দাঁড়ানো ও তাঁকে রক্ষার চেষ্টা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি সামর্থ্য না থাকলে অন্তত কথা ও কাজে কারও ক্ষতি না করাও বড় ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রকৃত মুসলিম সে-ই, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। (সহিহ বুখারি: ১০)