দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা

সাত মিনিটের ব্যবধানে দুই গোল হজম, এরপর পেনাল্টি মিস শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়ে বার্সেলোনা। তবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। জেরার্দ মার্তিন, ফারমিন লোপেজ ও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

ফিফা বিরতির পর লা লিগার খেলা শুরুর দ্বিতীয় দিনে নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচে সাত মিনিটের মধ্যে দুই গোল হজম করে স্বাগতিকরা। ফলে ১৩ ম্যাচে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিয়ারিয়াল। পঞ্চম মিনিটে ফারমিন লোপেজের আলগা পাসের সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান তাজন বুকানন। এর মাত্র দুই মিনিট পর ব্যাকলাইন ভেঙে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তানিতোলুওয়া ওলুওয়াসেই। চলতি মৌসুমে অ্যাওয়ে লিগ ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোল করতে না পারা ভিয়ারিয়াল এদিন শুরুতেই চমক দেখায়।

দুই গোল হজমের ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সেলোনা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বক্সের মধ্যে ওলুওয়াসেইয়ের ফাউলের শিকার হন লামিনে ইয়ামাল। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ামাল। দমকা বাতাসের প্রভাব ছিল কি না, তা নিশ্চিত না হলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগে আরও পাঁচবার গোলের চেষ্টা করেও সফল হননি অক্টোবরের ‘গোল অব দ্য মান্থ’ জয়ী এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেও দুই গোলের লিড ধরে রেখেছিল ভিয়ারিয়াল। চলতি মৌসুমে লিগে এটি ছিল বিরতিতে তাদের মাত্র দ্বিতীয়বার এগিয়ে থাকার ঘটনা। বিরতির পরপরই জোয়াও ক্যান্সেলোর শট পোস্টে লেগে ফিরে এলে হতাশা বাড়ে বার্সেলোনার। তবে ৫৭ মিনিটে পেদ্রির দারুণ ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন।

এর চার মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। ভিয়ারিয়ালের রক্ষণভাগ ভেদ করে ইয়ামালের বাড়ানো বলে নিখুঁত সাইড-ফুটের শটে গোল করেন ফারমিন লোপেজ। লা লিগার চলতি শতাব্দীতে মৌসুমের প্রথম ১১ ম্যাচে কোনো মিডফিল্ডারের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড গড়েছেন তিনি। এ সময় সাতটি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন ফারমিন। ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করে নিজের দুর্দান্ত ছন্দও ধরে রাখেন এই মিডফিল্ডার।

৬৭ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন ইয়ামাল। তার কাটব্যাক থেকে এরিক গার্সিয়া বক্সে বল বাড়ান। সেই বল নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা দানি ওলমোর একটি প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ঠেকান গোলরক্ষক গুল্যাক্সি। যোগ করা সময়ের শেষ দিকে রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিয়ারিয়ালের নাভারো। ফলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। দুই গোলের লিড হারানো ভিয়ারিয়াল লিগ টেবিলের নবম স্থানেই রয়েছে। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান মাত্র চার পয়েন্ট।

পেনাল্টি মিসে ইয়ামালের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

পেনাল্টি মিস করে লা লিগার ইতিহাসে এক বিব্রতকর রেকর্ডও গড়েছেন লামিনে ইয়ামাল। ১৯ বছর ১৩২ দিন বয়সে স্পেনের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিনটি পেনাল্টি মিস করার নজির গড়েছেন তিনি। এই পরিসংখ্যান তার অসামান্য প্রতিভার বিপরীতে এক ব্যতিক্রমী চিত্র তুলে ধরে।

লা লিগায় এ পর্যন্ত নেওয়া সাতটি পেনাল্টির মধ্যে তিনটিতে ব্যর্থ হয়েছেন এই স্প্যানিশ তারকা, যেখানে তাঁর সাফল্যের হার ৫৭ দশমিক ১ শতাংশ এবং এর মধ্যে দুটি শট পোস্টে লেগে বাইরে গেছে। এই মিসের মাধ্যমে ইয়ামাল পেছনে ফেলেছেন ফার্নান্দো তোরেসকে, যিনি ২০০৪ সালে ২০ বছর ৬৪ দিন বয়সে তৃতীয় পেনাল্টি মিস করেছিলেন। তালিকায় এরপর আছেন লোপেজ উফার্তে (১৯৭৯ সালে ২০ বছর ৩১২ দিন বয়সে) এবং লাফুয়েন্তে (১৯২৯ সালে ২১ বছর ১৭৪ দিন বয়সে)।