সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করলো বিজিবি

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন তারা। 

রোববার (২২ নভেম্বর) জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য জানান।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করে বিজিবি। পরে তাদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া দুই নারী হলেন— খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তার মা মেহেরুন বিবি (৭০)।

পুলিশ জানায়, ভারতে পাঠানোর কথা বলে একটি দালাল চক্র তাদের কাছ থেকে টাকা ও একটি মোবাইল হাতিয়ে নেয়। পরে সীমান্ত এলাকায় রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।  

ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খুলনার একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় ওই দুই নারীকে ভারতে পাঠানোর চেষ্টা করে। এ মানবপাচার চক্রে খুলনা ও সিলেটের দুটি পৃথক গ্রুপ কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। চক্রের কয়েকজন সদস্যকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।