চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় বগির ভেতরে আগুন লাগার খবর পান তিনি। পরে রেলওয়ের এক কর্মীর সঙ্গে তিনিও আগুন নেভাতে এগিয়ে যান। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাওসিফ বলেন, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। পরীক্ষা করে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। এ ছাড়া বগির আসনেও কেরোসিন মাখানো ছিল। তার ধারণা, পরিকল্পিতভাবে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ট্রেনটি বটতলী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন স্টেশনে অবস্থানকালে, যাত্রা শুরুর আগে এবং অন্যান্য সময়েও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়াতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।