লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে সন্দেহভাজন সামুদ্রিক ড্রোন হামলায় একটি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং সাময়িক আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটি। তবে এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কেউ হামলার দায় স্বীকার করেনি। রোববার (২২ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
রোববার রাতে স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, ভোরবেলার ওই হামলায় অজ্ঞাত সংখ্যক লিবীয় এবং রুশ নাগরিক নিহত হয়েছেন। জাহাজটি একটি নৌঘাঁটির কাছে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা ছিল। সূত্রগুলোর দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ এবং ড্রোন বহন করা হচ্ছিল। বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তারা তিনটি ড্রোনকে জাহাজটিতে হামলা চালাতে দেখেছেন।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, প্রাপ্ত ছবিতে দেখা গেছে জাহাজটি ছিল রুশ নৌবাহিনীর একটি কর্ভেট বা ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’। রোববার তোলা ছবিতে দেখা যায়, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে ডুবে গেছে এবং কেবল সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান রয়েছে।
এছাড়া জাহাজের ওপরের অংশ থেকে ধোঁয়া উঠতে এবং জেটির আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। বেনগাজিভিত্তিক প্রশাসন এর আগে জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে ভিড়েছিল।
রোববার রাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে পৃথক এক হামলায় মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে সামুদ্রিক ড্রোন আঘাত হানে। বেনগাজিভিত্তিক প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘বেনগাজি উপকূলে আজ সন্ধ্যায় বিস্ফোরকবোঝাই সামুদ্রিক ড্রোনের হামলায় একটি বাণিজ্যিক জাহাজের আহত সব ক্রু সদস্যকে’ উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমধ্যসাগরীয় শহরটির উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
সূত্র: আল জাজিরা