বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতে সার্চলাইটে টহল

ডিসেম্বরকে সামনে রেখে যশোরের বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদক কারবারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ ঠেকাতে দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে চলছে নজরদারি। সন্দেহজনক চলাচল শনাক্ত ও প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।

বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রাতে সার্চলাইটের মাধ্যমে নজরদারি বাড়ানোয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও নিরাপত্তাবোধ বাড়ছে।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল, গোয়েন্দা নজরদারি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা অব্যাহত রয়েছে। দিন কিংবা গভীর রাত, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক পাহারা চলবে।