মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতি করতে গ্যারেজ মালিক অহিদুল্লাহকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাছাড়া ওই গ্যারেজ থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান একজনকে পিটিয়ে হত্যার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত গভীর রাতে শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের হরিবাড়ি এলাকার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ওহিদুল্লাহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্যারেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে মালামাল লুটের চেষ্টা করে। ডাকাতির একপর্যায়ে গ্যারেজ মালিক অহিদুল্লাহকে ব্যাপক মারধর করে। এ সময় গ্যারেজে থাকা অটোগাড়ি থেকে ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে পালিয়ে যায় তারা।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।