কথা ছিল দুদিন পর ছেলের জন্মদিনে বাড়িতে ফিরবেন পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। সেই উপলক্ষে ছুটিও নিয়েছিলেন তিনি। তাই তার অপেক্ষায় ছিলো পুরো পরিবার। পুলিশ সদস্য আনোয়ার বাড়িতে ফিরলেন ঠিকেই, কিন্তু নিথর দেহে। এভাবে বাড়ি ফেরার খবরে আনোয়ারের বাড়িতে চলছে শোকের মাতম।
সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ারের মরদেহ তার নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামে পৌঁছায়নি। সেখানে তার মরদেহের অপেক্ষায় অপেক্ষা করছেন স্বজনরা। সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে তার মরদেহবাহী গাড়িটি দত্তখন্ড গ্রামে পৌঁছায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে ওই পুলিশ সদস্য নিহত হন।
নিহত আনোয়ার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের যত্তন মোল্লার ছেলে।
সোমবার দুপুরে নিহত আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যরা। তার মায়ের নাম হাবিয়া বেগম।
আনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারি মাসে আনোয়ার বাংলাদেশ পুলিশে যোগ দেন। স্ত্রী আনিছা আক্তারের সঙ্গে তার দাম্পত্য জীবনের আট বছর। তাদের সংসারে ৬ বছর বয়সী এক মেয়ে ও দুই বছর বয়সী এক ছেলে রয়েছে।
নিহত আনোয়ারের স্ত্রী আনিছা আক্তার বলেন,
দুই দিন পর ছেলের জন্মদিন। তাই ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল আনোয়ারের। রাতে ১০টার দিকে আমার স্বামীকে ফোন দিলে মোবাইল বন্ধ পাই। ভেবেছিলাম, সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে পড়েছেন। তাই আর ফোন করিনি। পরে রাত ১টার দিকে খবর পেয়েছি আমার স্বামী ছুরিকাঘাতে মারা গেছেন।
এদিকে ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা হাবিয়া বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আল্লাহ, তুমি আমারে এ কী করলা! আমি এখন কী নিয়ে বাঁচবো? আমার ছেলেকে ছাড়া আমি কীভাবে থাকবো?’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানের কাজে ওই এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুল সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন হামলাকারীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।