রোগী সেজে হাসপাতালে ঘোরাঘুরি, চুরির অভিযোগে গ্রেপ্তার চার নারী

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৫৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বারান্দা থেকে তাদের আটক করা হয়। সর্বশেষ দণ্ডবিধির ৩৮০ ধারায় কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, আয়শা (২২), মিতু (২২), মরিয়ম (২৮) ও মাহমুদা (২৬)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বারান্দায় ঘোরাফেরা করছিল ওই চার নারী। এসময় তারা ভিড়ের মধ্যে ঢুকে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন কথাবার্তা বলেন। সর্বশেষ তাদের আটক করে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা এবং পুলিশের সোপর্দ করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) সাগর জানান, এর আগেও সংঘবদ্ধ নারী চোরের একটি দল রোগী সেজে হাসপাতালে প্রবেশ করে রোগীদের স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। ওই ঘটনায় গণধোলাইয়ের পর কয়েকজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছিল।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার চার নারীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে এ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি