কাতারের দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। একাদশে সুযোগ না পাওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং ব্যাট করা পারভেজ হোসেন ইমন ইনিংস বিরতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে নিশ্চয়ই দারুণ খুশি হবেন। কারণ, দুজনই ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে।
সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে জায়গা পেয়েছেন ইয়াসির ও ইমন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়ক থাকছেন তাওহীদ হৃদয়। দুজনেই বাংলাদেশের মিডল অর্ডারের ভরসার প্রতীক।
ওয়ানডে সিরিজের দলে বাংলাদেশেরও টপ অর্ডার ব্যাটার চার জন। তানজিদ হাসান তামিম, ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত-এই চারজনই বাঁহাতি। যাদের মধ্যে নাঈম ওয়ানডে দলে ফিরেছেন এক বছর পর। গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তিনি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকলেও কোনোটিতেই একাদশে সুযোগ পাননি।
লিটনেরও দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ওয়ানডেতে প্রত্যাবর্তন হচ্ছে। অক্টোবরে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডেতে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব করার কথাও ছিল। কিন্তু চোটে পড়ায় সেটা আর সম্ভব হয়নি। এবার প্রোটিয়া সিরিজ দিয়ে তার আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব শুরু হচ্ছে।
ব্যাটিং লাইনআপে আরও আছেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সিরিজের দলে চার পেসার ও তিন স্পিনার নিয়েছে বাংলাদেশ। পেস বোলিং লাইনআপে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজের সঙ্গে আছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।
ইস্ট লন্ডনে ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর হবে গেবেখায়। তৃতীয় ওয়ানডে হবে ৭ ডিসেম্বর। এই ম্যাচের ভেন্যু কেপটাউন।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।