দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
চুক্তি অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১২টায় বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে টার্মিনালটির দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস এবং আগামী ২৩ মে পর্যন্ত এটি পরিচালনা করবে। ছয় মাসের এই চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর আগে রোববার নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দিলে বন্দর কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির মধ্যে এই চুক্তি হয়।
বন্দর ভবনে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে সই করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেসের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন। সিসিটির নতুন এই অপারেটর প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।
এ বিষয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সর্বনিম্ন দরদাতা হিসেবে আমাদের পারিবারিক প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য সিসিটির অপারেটর হিসেবে নির্বাচিত হয়েছে। বন্দরে কাজ করার ৪০ বছরের অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। আশা করি, বন্দরের সুনাম অক্ষুণ্ন রেখে আমরা কাজ চালিয়ে যেতে পারব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এত দিন প্রতিযোগিতামূলক দরপত্রে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হলেও নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। এর মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগে গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ১৯ নভেম্বর চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দরদাতা হিসেবে এভারেস্টকে নির্বাচিত করে চবক।
এভারেস্ট বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করছে এবং এবারই প্রথম প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার দায়িত্ব পেল। তবে দরপত্র আহ্বান থেকে প্রস্তাব জমা পর্যন্ত খুব কম সময় দেওয়ায় শুরু থেকেই প্রক্রিয়াটি নিয়ে বন্দরে আলোচনা ছিল। দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নিলেও বন্দরে বর্তমানে কনটেইনার ওঠানো-নামানোর কাজে অভিজ্ঞ নয়টি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট ছাড়া আর কেউ দরপত্র জমা দেয়নি।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি টার্মিনালের একটি সিসিটি, যেখানে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায় এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় ১৬ শতাংশ এই টার্মিনাল দিয়েই পরিচালিত হয়। নতুন চুক্তির আওতায় এভারেস্ট পোর্ট সার্ভিসেস গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, আমদানি কনটেইনার বন্দর চত্বরে স্থানান্তর এবং রপ্তানি কনটেইনার জাহাজে তুলে দেওয়ার সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। আগের মতোই টার্মিনালটির মাশুল আদায় করবে বন্দর কর্তৃপক্ষ, আর এভারেস্ট প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোসহ নির্ধারিত কাজের বিপরীতে দরপত্রের চুক্তি অনুযায়ী বন্দর থেকে বিল আদায় করবে।
সিসিটির কার্যক্রম যাতে এক দিনের জন্যও ব্যাহত না হয়, সে জন্য আগের অপারেটরের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে মিল রেখেই নতুন চুক্তি কার্যকর করা হয়েছে বলে জানান বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম। তাঁর তথ্যমতে, সোমবার দিবাগত রাত ১২টার পর সিসিটি পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে এভারেস্টের হাতে হস্তান্তর করা হয়।
স্বল্প সময়ের মধ্যে টার্মিনাল পরিচালনার প্রস্তুতি প্রসঙ্গে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমাদের পারিবারিক প্রতিষ্ঠানের সব প্রস্তুতি আছে। সব ঠিক থাকলে রাত ১২টা থেকে আমরা কাজ শুরু করব।’