হাই তুললে চোখে পানি আসে কেন, একজনের হাই অন্যজনের মধ্যে ছড়ায় কীভাবে

কাউকে হাই তুলতে দেখলে, হাই তোলার শব্দ শুনলে কিংবা এ নিয়ে ভাবলেও অনেক সময় নিজেরও হাই ওঠে। পাশাপাশি হাই তোলার সময় অনেকের চোখে পানি জমে যায়। একজনের হাই অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়া এবং হাই তোলার সময় চোখে পানি আসার পেছনে মস্তিষ্ক, মুখের পেশি ও চোখের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া কাজ করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা, যদিও এসব বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।

হাই তুললে চোখে পানি আসার পেছনে একক কোনো কারণ নেই। এর সম্ভাব্য কারণগুলোর একটি হলো মস্তিষ্ক ঠান্ডা রাখা। ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে, মানুষ ঠিক কেন হাই তোলে তার চূড়ান্ত উত্তর এখনো পাওয়া যায়নি; তবে গবেষকদের একটি বড় ধারণা হলো, হাই তোলার মাধ্যমে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রিত ও ঠান্ডা হয় এবং চোখ দিয়ে পানি বের হওয়ার প্রক্রিয়াটি মাথার খুলির ভেতরের তাপ কমাতে ভূমিকা রাখতে পারে।

মুখমণ্ডলের পেশির চাপও আরেকটি কারণ। হাই তোলার সময় চোখের চারপাশের পেশিসহ পুরো মুখের পেশি শক্ত হয়ে সংকুচিত হয়, যার ফলে অশ্রু উৎপাদনকারী গ্রন্থিগুলোর ওপর চাপ পড়ে এবং অজান্তেই চোখে পানি চলে আসে; যাদের এমনিতেই চোখে পানি আসার প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এটি বেশি ঘটে।

এ ছাড়া ‘ড্রাই আই সিনড্রোম’ থাকলে হাই তোলার মতো সাধারণ প্রক্রিয়াতেও সহজেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে পারে। চোখের সুরক্ষার জন্য পর্যাপ্ত মানসম্মত আর্দ্রতা বা পিচ্ছিল ভাব তৈরি না হলে সেটিকে ‘ড্রাই আই সিনড্রোম’ বলা হয়, যার কারণে চোখ বাড়তি পানি তৈরি করতে শুরু করে। পাশাপাশি ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া, ফ্যান বা এসির বাতাস, ধুলাবালি ও সুগন্ধির সংস্পর্শ, অ্যালার্জি, কনজাংটিভাইটিস (চোখ ওঠা), অঞ্জনি বা কর্নিয়ায় সামান্য আঁচড় লাগার মতো পারিপার্শ্বিক কারণেও মাঝেমধ্যে হাই তোলার সময় চোখে পানি আসতে পারে।

সবাই হাই তুললে চোখে পানি আসে না; কারও আসে, আবার কারও আসে না। এমনকি একই ব্যক্তিরও প্রতিবার হাই তোলার সময় চোখে পানি নাও আসতে পারে। চোখে অশ্রু তৈরির পরিমাণ, চোখের শারীরিক অবস্থা ও পরিবেশের ওপর বিষয়টি নির্ভর করতে পারে এবং যাদের চোখে স্বাভাবিকভাবেই অশ্রু কম তৈরি হয়, তাদের হাই তোলার সময় চোখে পানি নাও আসতে পারে। হাই তোলার সময় চোখে পানি আসা কতটা সাধারণ, তা নিয়ে পর্যাপ্ত গবেষণাও নেই।

হাই তোলার সময় চোখে পানি আসা সাধারণত স্বাভাবিক হলেও এর মাত্রা সবার ক্ষেত্রে এক রকম নয়। কারও সামান্য পানি জমে, আবার কারও তুলনামূলক বেশি পানি পড়তে পারে। তবে আগে যতটা পানি পড়ত, তার চেয়ে হঠাৎ অনেক বেশি পড়তে শুরু করলে কিংবা বিষয়টি অস্বস্তির কারণ হলে তা অতিরিক্ত হিসেবে বিবেচিত হতে পারে এবং সে ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। চক্ষু বিশেষজ্ঞ ড্রাই আই বা চোখের শুষ্কতাজনিত কোনো সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে পারেন।

হাই তোলা বা অন্য কোনো সময়ে চোখের পানিতে জ্বালাপোড়া বা খচখচানি ভাব হওয়া স্বাভাবিক নয়। চোখের অ্যালার্জি বা সংক্রমণ, ময়লা বা ক্ষতিগ্রস্ত কন্টাক্ট লেন্স ব্যবহার, ড্রাই আই সিনড্রোম এবং ব্লেফারাইটিস বা চোখের পাতার প্রদাহের কারণে এমনটি হতে পারে। জ্বালাপোড়া কয়েক দিনের বেশি স্থায়ী হলে বা এর সঙ্গে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চক্ষু চিকিৎসককে দেখানো জরুরি।

গবেষণায় প্রমাণিত হয়েছে যে হাই তোলা আসলেই ছোঁয়াচে এবং এর সঙ্গে মানুষের সহমর্মিতার সম্পর্ক রয়েছে। অপরিচিত কারও চেয়ে পরিচিত বা কাছের মানুষের হাই দেখলে মানুষ দ্রুত প্রভাবিত হয়; এমনকি কাউকে হাই তুলতে দেখলে, শব্দ শুনলে বা হাই তোলার কথা ভাবলেও এমনটি ঘটতে পারে। ২০১৩ সালের একটি গবেষণায় ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের হাই তোলার প্রবণতা পর্যবেক্ষণ করে দেখা গেছে, তিন বছর বয়সী শিশুদেরও অন্যের চোখের দিকে তাকানোর পর হাই তোলার প্রবণতা দেখা যায়।

হাই তোলার সময় চোখে পানি আসা সরাসরি বন্ধ করার কোনো উপায় নেই, তবে অ্যালার্জি বা শুষ্ক চোখের চিকিৎসা করালে এই সমস্যা অনেকটাই কমে আসে। এ ছাড়া পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করলে এবং অলস বা একঘেয়েমি লাগলে একটু হাঁটাচলা করলে ঘন ঘন হাই তোলার প্রবণতা কমানো সম্ভব। তবে চোখে অতিরিক্ত পানি পড়া, জ্বালাপোড়া বা অন্য কোনো অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে হেলথলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।