সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি মো. মোহায়মিনুল ইসলাম।
মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
মামলার আসামিদের মধ্যে আছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজপাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) ও গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)। পুলিশ জানিয়েছে, তারা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
নিহত আশরাফ আলীর ছেলে ইয়াকুব আলীর করা মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন। ওসি মোহায়মিনুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি।
মামলার এজাহারে বলা হয়, বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসে ছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে আসে। একপর্যায়ে তাঁরা আশরাফকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।