মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বের হতেই বিএনপি নেতার হামলার শিকার প্যানেল চেয়ারম্যান

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ব্যবসার বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল।

হামলার শিকার প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের আবদুল কাদের এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি এর বিরোধিতা করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেওয়ার সময় প্যানেল চেয়ারম্যান শাহ আলম বিএনপির রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ধরেন। সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি জানতে পেরে ইদ্রিস মিয়া ও আবদুল কাদের আগে থেকেই উপজেলা মডেল মসজিদের সামনে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়েছে।

সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা শাহ আলমের পথরোধ করেন। এ সময় তাকে টানাহেঁচড়া করে প্রকাশ্যে গালিগালাজ করা হয় এবং এর প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন; এতে তার হাত-পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

একপর্যায়ে বিএনপি নেতা ইদ্রিস মিয়া তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন শাহ আলম। এ সময় তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, ‘তোর খবর আছে। সুযোগমতো পেলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে। তোর হাত-পা কেটে চিরতরে পঙ্গু করে দেব।’ পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান প্যানেল চেয়ারম্যান শাহ আলম।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ুয়ারা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইদ্রিস মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার বিষয়ে কেউ তাকে জানায়নি। তবে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইদ্রিস মিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার বিষয়টি জেনেছি। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’