মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের তামিলনাড়ুর সাবেক অধিনায়ক বাবা অপরাজিত। বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে তামিল ভাষায় ধারাভাষ্যের পাশাপাশি কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০২টি ম্যাচ খেলেছেন অপরাজিত। এর বেশির ভাগই তামিলনাড়ুর হয়ে। ২০২৪-২৫ মৌসুম থেকে খেলেছেন কেরালার হয়ে। তিন সংস্করণ মিলিয়ে তার সেঞ্চুরি ২০টি। তামিলনাড়ুর হয়ে তিনটি শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি—২০১৭-১৮ মৌসুমে বিজয় হাজারে ট্রফি এবং ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফি জেতেন।
এছাড়া ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অপরাজিত। ওই আসরে ১৭১ রান করার পাশাপাশি অফ স্পিনে নিয়েছিলেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।
২০১৫ সালে অপরাজিত জায়গা পান ভারত ‘এ’ দলে। তবে সেখানে নিয়মিতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আইপিএলেও চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ পাননি।