জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদকে অধিকতর দক্ষ ও কার্যকরভাবে গড়ে তুলতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবেন, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না।
তিনি বলেন, যারা সত্যিকার অর্থে যোগ্য, দক্ষ এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করতে পারবেন, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না। দেশের যোগ্য ও দক্ষ নাগরিকসহ তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের ‘দি সিক্স সিজনস’ হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন করা হয়েছে।
জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কায়সার কামাল।