খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জারিফুজ্জামান ওরফে জারিফ (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। আহত জারিফ খুলনার আলোচিত চয়নিকা ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ফার্মেসির ভেতরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জারিফুজ্জামানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন ফার্মেসি মালিকের গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তার বাম পায়ের ঊরুর ওপর গুলি লাগে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পরই কয়েকজন দুর্বৃত্ত চয়নিকা ফার্মেসির মধ্যে প্রবেশ করে জারিফকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম বায়ের ঊরুর ওপর বিদ্ধ হয়। দুর্বৃত্তরা হেলমেট পরিহিত ছিল বলে তারা জানান।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রাত ৮টায় বলেন, জারিফুজ্জামানের বাম পায়ের ঊরুর ওপর গুলি লেগেছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। 

এদিকে গত গত ২৯ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবুর মোবাইল ফোনে কল করে একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করে। একই সঙ্গে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানাতে বলা হয়। জবাবে বাবু বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানের কর্মচারী। আমাকে বলে কোনো লাভ নেই।’ এর দুই দিন পর গত ২৯ অক্টোবর সন্ধ্যায় ওই বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করেন। তারা আবারও চাঁদার দাবি জানান এবং টাকা না দিলে প্রতিষ্ঠানের মালিককে হত্যার হুমকি দেন। এরপর আতঙ্কে ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের আশ্বাসে দোকানটি আবারও খোলা হয়। তবে দোকান খোলার মাত্র ১৩ দিনের মাথায় দুর্বৃত্তরা এই গুলির ঘটনা ঘটিয়েছে।

ওষুধ ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজদের গ্রেপ্তার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এছাড়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। একই সঙ্গে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে সংগঠনটি। কিন্তু কিছুতেই দুর্বৃত্তদের থামানো যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে একজন ওষুধ ব্যবসায়ী বলেন, দুর্বৃত্তদের অস্ত্রের মুখে আমাদের আর ব্যবসা করা সম্ভব নয়। ব্যবসার চেয়ে আমাদের জীবন বড়।

এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের তৎপরতায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, প্রায় এক মাস আগে ‘সেই স্বাদ’ বিরিয়ানির মালিকের কাছেও চাঁদা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা সেখানে নিয়মিত যাতায়াত করতেন বলে তারা জানান।

অন্যদিকে, চাঁদা না পেয়ে নগরীর আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে  দুর্বৃত্তরা। শুক্রবার সকালে নগরীর লবণচরা থানা এলাকার একটি তুষকাঠ মিল এবং চানাচুর ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী প্রধান হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছে। মালিকপক্ষ তাদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। কিন্তু ভোরে সকালে ঘুমিয়ে থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া বাজারের পাশের চানাচুর ফ্যাক্টরির মালিক শামসুর রহমানের কাছে দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসী বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ওই বাহিনীর দুই সদস্য শুক্রবার ভোরে ফ্যাক্টরি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।