ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ পদে নির্বাচনের জন্য ‘রেডি’ হতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
প্রশ্নোত্তর পর্বে উম্মা উসওয়াতুন রাফিয়া জামায়াত আমিরকে প্রশ্ন করেন, প্রত্যেকটা ছাত্র সংসদে শিবিরের যে প্যানেলটা ছিল, এখানে আমরা কোনো ছাত্র সংসদে দেখিনি যে ভিপি, জিএস, এজিএস পদে কোনো নারীকে রাখা হয়েছে। আমরা কি ভবিষ্যতে দেখতে পারি যে এখানে কোনো নারী নেতৃত্বকে জায়গা দেওয়া হবে?
উত্তরে জামায়াত আমির বলেন, ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদেরকে আমরা ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি শিবির এটা ওয়েলকাম করবে ইনশাআল্লাহ।
এ সময় রাফিয়া বলেন, আমার জন্য না, আমার সেই ইচ্ছাটাও নাই। আমি অন্যান্যদের জন্য।
জবাবে জামায়াত আমির বলেন, না না, তুমি সিম্বল অব দ্য গার্লস। তোমাকে সিম্বলিকভাবে বলছি, তুমি রেডি হও।