বরগুনা জেলা শহরের ভাড়ানী খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা শনিবার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে ঐ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান জানান, পঙ্গু সৈনিক নামে পরিচিত আবদুর রব প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সুপারিশক্রমে প্রথমে ভূমি অফিসের মাধ্যমে চার শতাংশ খাস জমি বরাদ্দ নিয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে আরো পাঁচ শতাংশ জমি বরাদ্দ পেয়েছে। সেই জমি থেকে নীতিমালা লঙ্ঘন করে দেড় শতাংশ জমি আবদুল হালিম নামে একজনের কাছে বিক্রি করেছেন। আবদুর রব এর বাইরেও আরো পাঁচ শতাংশ জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতিমাসে লক্ষাধিক টাকা ভাড়া আদায় করে আসছিলেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্ধকোটি টাকা জামানত হিসেবে নিয়েছেন।
আবদুর রবের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে বরগুনাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত ২১ আগস্ট বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল ভাড়ানী খালের পাড় দখল করে আবদুর রবের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। ঐ দিনের সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, নদী সুরক্ষাসহ হাইকোর্টের নির্দেশনায় বরগুনায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য অনেক আগ থেকেই প্রশাসন থেকে জানানো হয়েছিল। অবৈধ দখলদাররা এ বিষয়ে কর্ণপাত না করায় প্রশাসন উচ্ছেদ করতে বাধ্য হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।