স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৫ নভেম্বর) মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি ‘স্টারমাইন্ড’ নামের এই পরিকল্পনার অনুমোদন দিয়ে একে দেশের ইতিহাসে প্রথম ঘটনা বলে অভিহিত করেছে।
এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ‘আমেরিকার সুপার ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে, এফসিসি স্পেসএক্সকে ১০ লাখ কক্ষপথীয় কম্পিউট মডিউল মোতায়েনের অনুমোদন দিচ্ছে, যা পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়া করবে।’
কার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই যুগান্তকারী প্রযুক্তি যাতে সুযোগ তৈরি করে, বিনিয়োগ বাড়ায় এবং মার্কিন জনগণকে সুবিধা দেয়, তা নিশ্চিত করতে নির্ণায়ক পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, ‘এটি এমন এক ধরনের আমেরিকান উদ্ভাবনী শক্তি, যা মহাকাশ ও উন্নত প্রযুক্তিতে আমাদের শক্তিকে একত্র করতে পারে, আমাদের অর্থনৈতিক নেতৃত্বকে সুসংহত করতে পারে এবং দেশের ভেতরে সমৃদ্ধি প্রসারিত করতে পারে।’
এআই কম্পিউটিংয়ের মূল ভিত্তি ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ায় সূর্যকে শক্তির উৎস হিসেবে ব্যবহারের বিকল্প পথ তুলে ধরে মাস্কের এই পরিকল্পনা। রকেট ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের মতে, এই নতুন প্রকল্পে ‘স্থানীয় এআই কম্পিউটসহ স্যাটেলাইট ব্যবহার করা হবে, যেখান থেকে ফলাফলগুলো নিম্ন-ল্যাটেন্সি, সান-সিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে ফিরিয়ে পাঠানো হবে’।
স্পেসএক্স দাবি করেছে, ‘পৃথিবীতে বৈদ্যুতিক শক্তির উৎস খুঁজে পাওয়ার ক্রমবর্ধমান সমস্যার প্রেক্ষিতে এটি সম্প্রসারণের দ্রুততম উপায়’। নিজেদের ওয়েবসাইটে স্পেসএক্স এই পরিকল্পনাকে ‘স্বল্প ব্যয় ও উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন’ বলে উল্লেখ করেছে।
মাস্কের প্রতিষ্ঠানের স্যাটেলাইট ইতিমধ্যেই মহাকাশে রয়েছে এবং স্টারমাইন্ড কেবল সেই বহরে যুক্ত হবে। রিয়েল টাইমে স্যাটেলাইট পর্যবেক্ষণকারী স্যাটফ্লিট লাইভের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্ষপথে ১৬ হাজার ৯২৮টি সক্রিয় স্যাটেলাইট রয়েছে, যার মধ্যে ১১ হাজার ১৯০টি বা ৬৬ শতাংশই স্পেসএক্সের ইন্টারনেট সেবা স্টারলিংকের স্যাটেলাইট।
এফসিসির লাইসেন্স অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট ডেটা সেন্টার মোতায়েন শুরু করতে হবে, ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যার ১০ শতাংশ অর্থাৎ ১ লাখ, ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে পুরো বহর মহাকাশে পাঠাতে হবে।
এআইয়ের দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের প্রয়োজনও বাড়ছে, তবে এগুলোর জন্য বিশাল জমি, প্রচুর পানি ও বিদ্যুৎ লাগে এবং বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি নির্গমন ঘটে। তীব্র তাপ উৎপন্ন হওয়ায় প্রযুক্তি সচল রাখতে শীতলীকরণ ব্যবস্থায় বিপুল পানির প্রয়োজন হয়, যা জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার প্রেক্ষাপটে পানি সরবরাহ এবং খরাপ্রবণ জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করে।
মার্কিন অলাভজনক সংস্থা এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালের একটি প্রবন্ধ অনুযায়ী, ‘বড় ডেটা সেন্টারগুলো প্রতিদিন ৫ মিলিয়ন গ্যালন পর্যন্ত পানি খরচ করতে পারে, যা ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের একটি শহরের পানি ব্যবহারের সমান।’
এসব উদ্বেগ যুক্তরাষ্ট্র ও কেনিয়া থেকে ভারত পর্যন্ত ডেটা সেন্টারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। জরিপের তথ্যমতে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অনেক ভোটারের কাছে ডেটা সেন্টারের ব্যাপক বিরোধিতা একটি প্রধান বিষয় ছিল।
গত জুলাইয়ে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের বিরোধিতায় বিক্ষোভকারীরা ৪২টি অঙ্গরাজ্যে ১৪২টি বিক্ষোভ করেন। মহাকাশভিত্তিক ডেটা সেন্টারে জমির এমন সীমাবদ্ধতা নেই এবং স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী তাত্ত্বিকভাবে এগুলো সৌরশক্তি ব্যবহার করতে পারে; তবে মহাকাশে তাপ নিষ্কাশন একটি চ্যালেঞ্জ থেকে যায়, কারণ পৃথিবীর মতো সেখানে বাতাস বা পানি না থাকায় পরিবহন বা পরিচলনের মাধ্যমে তাপ বের হতে পারে না।
এই পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনাও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীরা বলেছেন, এটি আকাশ দূষণ বাড়িয়ে রাতের আকাশ দেখা আরও কঠিন করে তুলবে। বুধবার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বা এএএস এক বিবৃতিতে জানায় যে এফসিসির এই অনুমোদনে তারা ‘হতাশ ও মর্মাহত’।
বিবৃতিতে বলা হয়, ‘এফসিসিতে পূর্বে দাখিল করা নথিতে এএএস যেমন বলেছিল, প্রস্তাবিত এই স্যাটেলাইট বহর জ্যোতির্বৈজ্ঞানিক স্থাপনাগুলোতে কয়েক দশকের ফেডারেল বিনিয়োগ এবং রাতের আকাশ উপভোগ ও অধ্যয়নে জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মৌলিকভাবে পরিবর্তিত এমন রাতের আকাশের নিচে ফেডারেল অর্থায়নে পরিচালিত জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার ভবিষ্যৎ এবং এর ফলে দেশ ও বিশ্বের জ্যোতির্বৈজ্ঞানিক স্থাপনাগুলোতে বিনিয়োগ করা করদাতাদের অর্থের অপচয় নিয়ে এএএস গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশা করি স্পেসএক্স ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে, তবে এক্ষেত্রে স্পেসএক্সকে দেওয়া লাইসেন্সে আনুষ্ঠানিক সমন্বয়ের বাধ্যবাধকতা না থাকায় আমরা উদ্বিগ্ন রয়েছি।’
সূত্র: আল জাজিরা