চলতি বছরের ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এতে ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে ফাউল করে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টাইন মিডফিল্ডারের করা সেই ভয়ংকর ট্যাকলের দৃশ্য জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায়।
চলতি বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকতেই যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ম্যাগাজিন টাইম ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে। বিশ্বকাপ ফাইনালের একটি ছবিতে দেখা যাচ্ছে, স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে কড়া ট্যাকল করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো। প্রতিপক্ষের স্পর্শ লাগার পর অনেকটা উপরে ভেসে ওঠে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের শরীর।
ঘটনার ভিডিওতেই স্পষ্ট ছিল, এনজোর লাথির আঘাতে শূন্যে ছিটকে পড়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। এরপর ব্যথায় কুঁকড়ে উঠেছিলেন তিনি। তবে গেটি ইমেজে চিত্রগ্রাহক আল বেল্লোর তোলা স্থিরচিত্রে ধরা পড়েছে সেই উড়ে যাওয়ার মুহূর্তের সবচেয়ে নাটকীয় দৃশ্য।
ছবিতে দেখা যায়, আক্ষরিক অর্থেই এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন কুবার্সি। মাঠের ঘাসে দুই ফুটবলারের ছায়া এবং মাঝমাঠের রেখা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে গাজায় ফিলিস্তিনি ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।
ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছেন ‘আল-আহলি ক্লাব’-এর খেলোয়াড়েরা। তাদের অনুশীলনের মাঠটি চারপাশের ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে তৈরি করা হয়েছে। ইসরায়েলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে যায়। পরে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি খেলার উপযোগী করে তোলে।
এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া খেলোয়াড়দেরও আবার খেলাধুলায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন এই মাঠ স্থানীয় ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।