পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

পেরুর বৃহত্তম কোকা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত আপুরিমাক, এনে ও মান্তারো নদী উপত্যকায় (ভিআরএইএম) একটি সামরিক অভিযানের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যের সবাইকে শনাক্ত করেছে। দুর্ঘটনায় কেবল পাইলট প্রাণে বেঁচে গেছেন এবং চিকিৎসার জন্য তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার এক বিবৃতিতে ভিআরএইএম স্পেশাল কমান্ড জানিয়েছে, দক্ষিণ পেরুর আয়াকুচো অঞ্চলের সানাবাম্বা গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি প্রশাসনিক অঞ্চল জুড়ে বিস্তৃত পাহাড়ি ও বনাঞ্চলঘেরা বিশাল এলাকা হলো এই ভিআরএইএম।

অঞ্চলটি কোকা চাষ এবং কোকেন উৎপাদনের একটি প্রধান কেন্দ্র এবং কলম্বিয়ার পর পেরুকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে বিবেচনা করা হয়। সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ও চলমান মাদক পাচার কার্যক্রমের কারণে ভিআরএইএম পেরুর নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান অভিযান পরিচালনাকারী এলাকা হিসেবে পরিচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি