চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গাছের আড়াল থেকে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংকের ব্যবস্থাপক ও নৈশপ্রহরীদের তৎপরতায় দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার কাশিয়াইশে (পিঙ্গলা) এ ঘটনা ঘটে।
ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা শম্ভু চন্দ্র দে জানান, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের দেয়াল লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় ব্যাংকের নিচতলায় দুই নৈশপ্রহরী পাহারায় ছিলেন। তিনি ওপরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পেট্রলবোমা নিক্ষেপের শব্দ শুনে নিচে নেমে দেয়ালের পাশে আগুন ও ধোঁয়া দেখতে পান। পরে তিনি ও নৈশপ্রহরীরা দ্রুত বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শম্ভু চন্দ্র দে আরও বলেন, ঘটনার পরপরই থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
ব্যাংক শাখাটির নৈশপ্রহরী মোহাম্মদ ফজল জানান, ভোরে সড়কের পাশে ব্যাংকের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে পাহারা দেওয়ার সময় হঠাৎ তিনজন ব্যক্তি গাছের আড়াল থেকে এসে ব্যাংকের ফটকসংলগ্ন দেয়ালের দিকে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যান। পরে দ্রুত বালু ও পানি ছিটিয়ে তিনিসহ ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ব্যাংকের দেয়ালে ধোঁয়ায় কালো হয়ে যাওয়ার চিহ্ন দেখতে পেয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।