ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটে’ দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে দেশে ফেরা বাংলাদেশ অ্যাথলেটিক্স দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশে ফেরার পর বিমানবন্দর থেকে পদকজয়ী অ্যাথলেটদের বিশেষভাবে ব্র্যান্ডিং করা বিআরটিসির ছাদখোলা বাসে করে মতিঝিলের জাতীয় স্টেডিয়ামস্থ ফেডারেশন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যা দেশের অ্যাথলেটিক্স ইতিহাসে প্রথম ঘটনা।
ক্রীড়াঙ্গনে বড় সাফল্যের পর ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণের রীতি বাংলাদেশে প্রথম শুরু হয় ২০২২ সালে, কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফুটবলার সানজিদা আক্তারের এক স্ট্যাটাসের সূত্র ধরে। এরপর ফুটবলে একাধিকবার এমন সংবর্ধনা দেওয়া হলেও আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জ জয়ের পর অ্যাথলেটিক্সে এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হলো।
ভুবনেশ্বর থেকে ১০টি পদক নিয়ে দেশে ফেরা অ্যাথলেটিক্স দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মো. সাব্বির মোস্তফা খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। অভ্যর্থনা শেষে পদকজয়ীদের ছাদখোলা বাসে করে ফেডারেশন কার্যালয়ে আনা হয়।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদকজয়ী অ্যাথলেটদের অচিরেই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে পদকজয়ীদের ফেডারেশন পুরস্কৃত করলেও সেবার ছাদখোলা বাসের আয়োজন করা হয়নি।