আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কর্মসূচি’-কে কেন্দ্র করে নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় অভিন্ন অবস্থানে ক্ষমতাসীন বিএনপিসহ বিরোধী দল-জোটগুলো। পৃথক কর্মসূচি ঘোষণা করে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দল-জোটগুলোও সক্রিয়।

মাঠে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপ বা মতবিনিময় অব্যাহত রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সেটির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপির সঙ্গে গত সোমবার মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু করেছেন তিনি। শিগিগরই তিনি বসবেন জামায়াতসহ দলটির নেতৃত্বাধীন জোটের সঙ্গে। রাজনৈতিক দল-জোটগুলো ছাড়াও প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে মতবিনিময় করবেন জুলাইয়ের শরিক অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও।

চলমান পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা তত্পরতা। কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নাশকতা-চক্রান্তের সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে দেশব্যাপী অভিযানও পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সম্পর্কে সরকার ইতিমধ্যে বিদেশি কূটনীতিকদেরও অবহিত করেছে।

৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে কর্মসূচি পালন ও দলগুলোর সঙ্গে সংলাপের পর আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সরব থাকবে বিএনপি ও জামায়াত-এনসিপিসহ দলগুলো। নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে ইউপি নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী প্রথম পর্বের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোট শেষ হবে ২৭ মে। ইউপি নির্বাচন সামনে রেখে ইসি আজ রবিবার থেকে মতবিনিময় শুরু করছে দল-জোটগুলোর সঙ্গে। সব মিলিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের জনগণের দৃষ্টি থাকবে ইউপি নির্বাচনের দিকে। এর মাঝে ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে শুরু হচ্ছে রোজা। রোজার মাসে বিএনপিসহ দলগুলো রাজনৈতিক কর্মসূচি রাখবে কি না, সেটি নির্ভর করবে পরিস্থিতির ওপর।  সরকার বা প্রশাসনের তত্পরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তির সক্রিয় থাকার লক্ষ্যে বিএনপি ও এনসিপি ডিসেম্বরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও ৪০ দিনের কর্মসূচি পালন শুরু করেছে। আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার থেকে গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি। এরপর ধাপে ধাপে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত দলটির কর্মসূচি চলবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কর্মসূচিতে অংশ নেবেন।

বিজয়ের মাসের প্রথম দিন আগামী মঙ্গলবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মধ্য দিয়ে দলটির মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। দলের শীর্ষ নেতাদের নিয়ে গতকাল শনিবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে সমাবেশ, আলোচনাসভা, মিছিল-শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিজয়ের মাসের কর্মসূচির বাইরে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসের কর্মসূচিও রাখা হয়েছে। ১০ ডিসেম্বর থাকবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কর্মসূচি। গত বছর ২৫ ডিসেম্বর তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরেন। এই দিনটি তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস হিসেবে পালন করবে বিএনপি। গত বছর ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ৩০ ডিসেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভাসহ নানা কর্মসূচি থাকবে। এছাড়া, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষ্যে গত ১৯ নভেম্বর ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াত। গত ২১ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনাসভা ও সামাজিক কার্যক্রম চালাবে দলটি। অন্যদিকে, ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভার কর্মসূচি দিয়েছে এনসিপি। ২৪ নভেম্বর রাজধানীর সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটি। গত শুক্রবার গাজীপুরে প্রতিবাদ সমাবেশ করেছে।