পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড

২০২৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড সৃষ্টি হতে চলেছে। টানা ১৭ বছর পর এবারই প্রথম শিক্ষাবর্ষ শুরুর এক মাস আগেই নতুন চারটি বই বাদে প্রাথমিকের শতভাগ ও মাধ্যমিকের ৯৮ ভাগ বই ছাপা শেষে পৌঁছেছে সব উপজেলায়। এদিকে বছরের প্রথম দিন বই বিতরণের দীর্ঘদিনের রীতি থেকে বেরিয়ে এসে আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন পাঠ্যবই বিতরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাও অভিন্ন কথা জানিয়েছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে কখনোই জানুয়ারির এক তারিখে শতভাগ পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়নি। বিনা মূল্যে বই বিতরণ শুরুর বছর ২০১০ সালের ২১ জুলাই পর্যন্ত সময় লেগেছিল বই বিতরণে। ২০১১ সালে ১২ এপ্রিল, ২০১২ সালে ১৫ এপ্রিল, ২০১৩ সালে ৬ মার্চ, ২০১৪ সালে ১৮ মার্চ, ২০১৫ সালে ৫ মার্চ, ২০১৬ সালে ৬ মার্চ, ২০১৭ সালে ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ সালে ১৩ মার্চ, ২০১৯ সালে ১৭ এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। এরপর আসে মহামারি করোনা ভাইরাস। করোনার কারণে ২০২০, ২০২১ সালে বই ছাপা ও বিতরণের শিডিউল ভেঙে পড়ে। ঐ দুটি বছরের বই ছাপা শেষ করতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লেগে যায়। ২০২২ সালে ২৪ মার্চ পাঠ্যবই ছাপা ও বিতরণ শেষ করে এনসিটিবি। এছাড়া ২০২৩ সালে ১৭ মার্চ, ২০২৪ সালে ৮ এপ্রিল ও ২০২৫ সালে ৭ ফেব্রুয়ারি বিনা মূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণ কাজ শেষ হয়।

২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হয়েছে চারটি নতুন বই। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনার গন্ডি থেকে বের করে আনন্দের মাধ্যমে শেখা, শারীরিক ও মানসিক বিকাশ, সংস্কৃতিচর্চা এবং কারিগরি দক্ষতা অর্জনে উত্সাহিত করতেই এ উদ্যোগ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। ১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে। এসব বইয়ের মুদ্রণ কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষ করে বিতরণকেন্দ্রে পাঠানোর লক্ষ্য রয়েছে। বর্তমানে এই চারটি বইয়ে দেড় কোটি কপি মুদ্রণ কার্যক্রম চলছে। এসব বই বাধ্যতামূলক হলেও বার্ষিক পরীক্ষা হবে না, হবে ধারাবাহিক মূল্যায়ন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যেসব প্রেস নতুন চারটি বইয়ের কাজ পেয়েছে, তাদের আগের বইগুলো ছাপা হওয়া প্রায় শেষের পথে। ফলে হাতে খুব অল্প কয়েক দিন থাকলেও নতুন বইগুলো নির্দিষ্ট সময়েই যাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু গতকাল ইত্তেফাককে বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিকের শতভাগ বই ছাপানো শেষ। মাধ্যমিকের বই ছাপা শেষ হয়েছে ৯৮ ভাগ। আগামীকাল ৩০ নভেম্বরের মধ্যে অধিকাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। নতুন চারটি বই আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষে সারা দেশে পৌঁছে শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষের পাশাপাশি মানের ব্যাপারেও আমরা সজাগ রয়েছি। কোনো রকম অনিয়ম পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

এনসিটিবির প্রাথমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের কাজ পাওয়া ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন (বিডি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনির গতকাল ইত্তেফাককে বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৬৩০ কপি পাঠ্যবই ছাপানো শেষে পিডিআই করে সারা দেশে পাঠানো হয়েছে। 

এনসিটিবির মাধ্যমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের দায়িত্বে থাকা ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বেলাল হোসাইন গতকাল ইত্তেফাককে বলেন, মাধ্যমিকের ২২ কোটি পাঠ্যবইয়ের মধ্যে গতকাল পর্যন্ত ৯৮ ভাগ সারা দেশে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আজ ও আগামীকালের মধ্যে শতভাগ পাঠ্যবই সারা দেশে চলে যাবে। এবার শিক্ষাবর্ষ শুরু হওয়ার এক মাস আগেই সব পাঠ্যবই ছাপা শেষে উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হচ্ছে, এটা সরকারের বড় সফলতা উল্লেখ করে তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার পাঠ্যবইয়ের মান উচ্চমানের হবে ইনশাল্লাহ।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে।

অতীতের ধারাবাহিক ব্যর্থতার নেপথ্যে কী?: প্রতি বছরই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে ২৫-৩১ কোটি কপি বই ছাপা ও বিতরণের কাজ করতে হয়। যে শিক্ষাবর্ষের জন্য বই ছাপা হয়, তার আগের বছরের শুরু থেকে বই ছাপার কাজ শুরুর কথা। কিন্তু তা পিছিয়ে এপ্রিল-মে মাসে চলে যায়। বইয়ের চাহিদা সংগ্রহ করে দরপত্র আহ্বান করতে জুন-জুলাই মাস সময় লেগে যায়। দরপত্র মূল্যায়নসহ অন্য প্রক্রিয়া, সরকারের ক্রয় সংক্রান্ত কমিটিতে ক্রয়াদেশ অনুমোদনের পর ছাপাখানাগুলোর সঙ্গে চুক্তি করে এনসিটিবি। চুক্তি করতে সময় নির্ধারণ থাকে ২৮ দিন। চুক্তির পর ছাপাতে সময় দেওয়া হয় ৫০-৭০ দিন। ফলে আগস্ট মাসে চুক্তি শেষে ছাপার কাজ শুরু হলেও শিক্ষাবর্ষের জানুয়ারিতে বই দেওয়া সম্ভব। তবে তা বাধাগ্রস্ত করতে নানা সিন্ডিকেট কাজ করে বলে অভিযোগ রয়েছে। বিলম্বে বই দিলে নিম্নমানের কাগজে বই ছাপানোর সুযোগও তৈরি হয় বলে জানান কয়েকটি ছাপাখানার মালিক।