কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রব্বানী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী এবং পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামক স্থান থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি ইকবাল হোসেন প্রামাণিক আরও জানান, রোববার (২৯ নভেম্বর) গোলাম রব্বানীকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, পটুয়াখালীর কুয়াকাটা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা-পুলিশ। শনিবার ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।’ গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।