রংপুর প্রেস ক্লাবের সামনের বারান্দায় বোমা সদৃশ একটি বস্তু রেখে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্যাকেটটি রেখে চলে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।
রোববার (২৯ নভেম্বর) সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রেস ক্লাবের বারান্দায় পত্রিকা বিক্রেতা হকার জাকির হাসানসহ কয়েকজন জানান, প্রতিদিনের মতো সকালে তারা পত্রিকা বিক্রি করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ একটি প্যাকেট বারান্দার দিকে ছুড়ে দেন। প্যাকেটটি এসে জাকির হাসানের পায়ে লাগে। পরে সেটি হাতে নিয়ে বাইরে সরিয়ে রাখার সময় তিনি দেখতে পান, প্যাকেটের ভেতরে রশি দিয়ে বাঁধা বোমা সদৃশ একটি বস্তু রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন তিনি।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপত্তার আওতায় নেন। পরে সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে একটি বস্তু রেখে চলে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। এসআরবি-এর নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটির ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত করতে পারবেন। এটি বোমা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।
ঘটনাটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে কি না, জানতে চাইলে সনাতন চক্রবর্তী বলেন, তার ধারণা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বস্তুটি সেখানে রাখা হয়েছে। ঘটনাস্থলের কাছেই একটি মন্দির রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সফর করেছেন। এ ছাড়া এলাকাটি রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। এ ধরনের ঘটনা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে। এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে এসআরবি-১৩ সদর কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান জানান, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃত ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। প্রক্রিয়া শেষ হলে পরবর্তী তথ্য জানানো হবে।
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করিনি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং প্রতিবেদন দেওয়া হবে।’
নাশকতা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, নাশকতা প্রতিরোধে সার্বিক তত্ত্বাবধান রয়েছে। এসআরবির দল ও গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছেন। নাশকতার চেষ্টা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।