সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার নারী-শিশুসহ সবাই কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।  

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলারসহ তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিজিবি মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তবে, আটককৃতদের নাম-ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি। 

কোস্ট গার্ড সূত্র জানায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে লোকজনকে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির গতিবিধি নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা।

পরে ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে তাদের মালয়েশিয়া নেয়ার চেষ্টা করার কথা জানান। এ সময় ট্রলারে থাকা নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে মানব পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।