প্রেমের বিয়ে, স্বপ্না আর হাসানের আড়াই মাসের সংসার বেশ মধুরই ছিল। এই প্রেমের ইতি টানতে হলো প্রাণ দিয়ে। একে অপরের ওপর অভিমান করে আত্মহত্যা করলেন স্বপ্না-হাসান দম্পতি। গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বপ্নার (১৫) বাবার বাড়ি রাজশাহীর পুঠিয়ায়। আর হাসানের (১৯) বাড়ি গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামে। মোবাইল ফোনের মাধ্যমেই ওদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়াই মাস আগে তারা বিয়ে করেন।
হাসানের দাদা আজগর আলী জানান, তিনি ভোরে নামাজের জন্য বের হলে মোবাইলে স্বপ্নার কথোপকথন শুনতে পান। একপর্যায়ে তারা ঘরে ঢুকে দেখেন স্বপ্না আর হাসান ছটফট করছেন। জিজ্ঞেস করে জানায়, কীটনাশক ট্যাবলেট খেয়েছে। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ঐ দম্পতি রাজশাহী মেডিক্যালে মৃত্যুবরণ করায় সংশ্লিষ্ট থানায় সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।