তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে মানবিক ও দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশন। মেলার এক বিশেষ মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে ও তুর্কি ভলান্টারি ফাউন্ডেশনের (TGTV) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। এ সময় বাংলাদেশের জনগণ ও মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে তুরস্কের মানবিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বিশেষ স্মারক উপহার দেওয়া হয়।
সাক্ষাৎকালে কাজী রিয়াজ রহমান বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, রোহিঙ্গা সংকট ও আর্থসামাজিক উন্নয়নে তুরস্কের সরকার ও জনগণের দীর্ঘদিনের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক কেবল কূটনৈতিক বা বাণিজ্যিক পরিসরে সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে তুরস্ক যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত মূল্যবান। দেশটির মানবিক সহযোগিতার প্রতি বাংলাদেশের মানুষের গভীর কৃতজ্ঞতা রয়েছে।
২৫ থেকে ২৮ নভেম্বর ইস্তাম্বুল এক্সপো সেন্টারে চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৬০টির বেশি দেশের ২০০টিরও বেশি স্বেচ্ছাসেবী, মানবিক ও উন্নয়নমূলক সংস্থা অংশ নেয়। ‘সিভিল সোসাইটি ৫.০’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের সুযোগ তৈরি হয়।
মেলায় অংশ নিয়ে মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশের মানবিক কার্যক্রম, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে পরিচালিত বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে। পাশাপাশি বিভিন্ন দেশের মানবিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক এ আয়োজনে মাস্তুল ফাউন্ডেশনের অংশগ্রহণ বাংলাদেশের মানবিক কার্যক্রম ও সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে মানবিক সহযোগিতার মাধ্যমে আরও সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ ছাড়াও তুরস্ক, নেপাল, ফিলিস্তিনের গাজা, সুদান ও মিশরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মধ্যে জরুরি সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সহযোগিতামূলক উদ্যোগ রয়েছে। বিশেষ করে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, সুদানের দারফুর অঞ্চলে সহযোগিতা এবং নেপালের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সংস্থাটির আন্তর্জাতিক কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ।
মাস্তুল ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রযোজ্য আইন ও শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুদান, যাকাত ও সাদাকার ক্ষেত্রে দাতারা আয়কর রেয়াতের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। সংস্থাটি আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত নিরীক্ষার মাধ্যমে কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে থাকে।