বাল্যবিবাহ রোধে শিক্ষক সমাজকে ভূমিকা রাখতে হবে: আবুল কালাম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:০২

কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। তিনি বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে কর্মশালার মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরতে হবে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে প্রতিটি মেয়ের শিক্ষাজীবন সম্পন্ন করা এবং কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে। এতে তারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে। এ ছাড়া অর্থাভাবে লেখাপড়া চালিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার সাতটি স্কুল ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত সমস্যা চিহ্নিত করা, স্বাস্থ্য সচেতনতায় পরিবারের ভূমিকা, বাল্যবিবাহের কুফল, এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের করণীয় এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক ও প্রকল্প পরিচালক এ.এন.এম. খলিলুর রহমান খান। বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সনদ বড়ুয়া, লাকসামের উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি আলহাজ শাহ সুলতান খোকন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন।

এ সময় লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্যসচিব আমান উল্ল্যাহ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সচিব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি