বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের মাহতাব। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।