ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে রেকর্ড দরপতন হয়েছে ইরানের মুদ্রা রিয়ালের। শনিবার (২৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ৩০ লাখ রিয়াল। 

গত কয়েক বছরে ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে ইরানের মুদ্রা। শুক্রবারও প্রতি ডলারের দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। ২০২৪ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় প্রতি ডলারের দাম ছিল প্রায় ৬ লাখ ৯০ হাজার রিয়াল। ২০২৫ সালের মার্চে তা প্রথমবার ১০ লাখ ছাড়ায়। চলতি বছরের আগস্টে ডলারের বিপরীতে রিয়ালের দর ২০ লাখের নিচে নেমে যায়।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটির মুদ্রার মান ৯০ শতাংশের বেশি কমেছে।

এদিকে, চলতি বছরের জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি মাসে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন ঠেকাতে 'টাস্কফোর্স আয়রন গেট' নামে নতুন উদ্যোগও নেয় ওয়াশিংটন।

মুদ্রার দরপতনের পাশাপাশি মূল্যস্ফীতিও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য আগামী কয়েক মাসের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, রাজনৈতিক পরিস্থিতি ও বাজারের প্রত্যাশাও মুদ্রাবাজারে প্রভাব ফেলছে।

অন্যদিকে, মুদ্রার আরও দরপতনের আশঙ্কায় নিজেদের সঞ্চয় সুরক্ষিত রাখতে অনেক ইরানি ডলার ও স্বর্ণ কিনছেন। এতে বাজারে ডলারের চাহিদাও বাড়ছে।