কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে শনিবার রাতে জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নাশকতা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলার সদর এলাকায় মহাসড়কের দুটি লেন অবরোধ করে টায়ারে আগুন দেয় ও কয়েকটি গাড়ি ভাংচুর করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীদের সাথে বিএনপি-জামায়াত ও পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, এসআরবি ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক টিম রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করে।
এদিকে, কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার জনাব মো. আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলাব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের আর ৬২ জন সদস্যসহ বিভিন্ন অপরাধে মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই ও সংশ্লিষ্টতা বিবেচনায় ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৫৮ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।