রংপুরে গ্রাহক শোষণ ও ভোগান্তির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে সোমবার (৩০ নভেম্বর) নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। অন্য দফাগুলো হলো পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের তৎপরতা বন্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
এদিকে হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ বলেন, পোস্ট পেইড মিটারের তুলনায় গ্রাহকদের প্রি-পেইড মিটারে দ্বিগুণ-তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদানের আগে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করাও বিদ্যুৎ আইনের পরিপন্থি। এছাড়া প্রি-পেইড মিটারে বিভিন্ন চার্জের নাম গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। এর ফলে জনগণের ভোগান্তি বেড়েছে। জনমতকে উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া লুটপাটের এ প্রকল্প বন্ধে আমরা দীর্ঘদিন ধরে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা রাজনৈতিক দলের নয়, এটি রংপুর মহানগরবাসীর হরতাল। হরতাল সমর্থনে প্রচারণা কার্যক্রমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আশা করছি হরতাল পালনের মাধ্যমে জনগণের উপর চাপিয়ে দিয়ে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো।
