জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিনী’ ও ফ্যাসিস্ট ‘শেখ হাসিনার মা’ উল্লেখ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে গুরুতর ভুল তথ্য ছাপা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের একটি ছবিতে ব্যবহৃত ব্যানারে তাকে ‘শেখ হাসিনার মা’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিতর্কিত এই ক্যালেন্ডার দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। বিষয়টি নজরে আসার পর ক্যালেন্ডার ছাপানো ও বিতরণ বন্ধ করার পাশাপাশি ফেরত নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল-হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত কয়েকজনের পেছনে একটি কালো ব্যানার দেখা যায়।

ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। তবে এর ঠিক ওপরেই ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এ ছাড়া ব্যানারের বাম পাশে থাকা ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও রয়েছে। অর্থাৎ খালেদা জিয়ার নামের সঙ্গে শেখ ফজিলাতুন নেছা মুজিবের পরিচয় জুড়ে দেওয়া হয়েছে।

930148331_2319266128926120_7895446733804604305_n

প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়ে কীভাবে এমন ভুল রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্যালেন্ডারে এই ভুলের ঘটনায় জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে এমন ভুল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, যা ওই কর্মকর্তার অসচেতনতা ও দায়িত্বে অবহেলার শামিল।

এ ছাড়া জনসংযোগ দপ্তরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে, যা ২৯ নভেম্বর থেকেই কার্যকর হবে। পাশাপাশি জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং দুই উপ-পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

928406625_1623587812902663_8862702240940952368_n

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ নভেম্বর অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল। ভুল নজরে আসার পর ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে এবং বিতরণ করা ক্যালেন্ডার ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশনার প্রতিটি ধাপে সতর্কতা প্রত্যাশিত থাকলেও দায়িত্বে অসচেতনতা ও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।