পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে সন্ধ্যায় তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত শায়লা ফারজানার পাঁচ দিন এবং তার দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি তাদের জামিন আবেদনও নাকচ করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করতেন। এছাড়া রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে লোকজন সংগঠিত করা এবং অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে চারজন আহত হন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।
পরে রোববার রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। একই রাতে মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় অপর ভাই বুলবুল মিয়াকে।