এ সময়ের গায়িকাদের ভেতরে সবচেয়ে মেধাবী শিল্পীর নাম অবন্তী সিঁথি। সম্প্রতি ‘অবন্তিয়ান্স’ নামের নিজস্ব একটি ব্যান্ডদল গড়ে তুলেছেন তিনি। দেশের একটি রিয়েলিটি শোয়ের বৈতরণী পার করে সারেগামাপা’র বিশাল বাণিজ্যিক প্লাটফর্মেও নিজের মুন্সিয়ানা দেখিয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন অবন্তী সিঁথি। রিয়েলিটি শো থেকে অনেকেই হারিয়ে গেছেন এর আগে। কেউ কেউ হয়েছেন নানা কারণে বিতর্কিত। তাই সেসব বিষয় নিয়ে খুবই সচেতন থেকেই অবন্তী বলেন, ‘নিজের ক্যারিয়ারের যুদ্ধটা শুরু হয় মূলত শোগুলো শেষ হয়ে যাওয়ার পর। একবার ভেবে দেখুন, যখন সারেগামাপা চলতো তখন কিন্তু আমাকে বা আমাদেরকে প্রতিনিয়ত স্ক্রিনে দেখাতো। বিভিন্নভাবে ট্রেলরও চলতো। সেখান থেকে বেরিয়ে আসার পর কিন্তু জায়গাটা একেবারে জনশূন্য’র মতো। কারণ তখন ফাইটটা শুরু। তাই বড়াই করার মতো কিছুই তো আসেনি জীবনে। নিজের একটি গান অন্তত শ্রোতাদের ভেতরে ছড়িয়ে দিই আগে।’
এরই ভেতরে অবন্তীর গাওয়া নতুন দুটি গান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বিশাল বাজেটের মিউজিক ভিডিওর এই যুগে কিছু নান্দনিক ভিডিওচিত্রের মাধ্যমে দর্শকদের তার গায়কী ও সুরেই মুগ্ধ করে রাখতে চান অবন্তী। নতুন কাজ হিসেবে খুব শিগগিরই ‘নাগরিক’ নামের একটি গান প্রকাশ পাবে।
এছাড়া সম্প্রতি কোরিয়ার একটি ওপেন এয়ার কনসার্টে অংশ নেন তিনি। স্টেজ শোতে তার সঙ্গে ছিলেন সাব্বির। একাধিক বিরল কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে সংগত করেই স্টেজ মাতিয়ে থাকেন অবন্তী। তাই কোরিয়াতেও নিজের কাপসঙ কিংবা বুজান আর হুইসেলের দারুণ জাদুকরী সংগীতেই মাতিয়ে এসেছেন হাজার বাঙালিকে।
অবন্তীর কথায়, ‘গানটা আসলে অনুভবের। আমার কাছে খুব আনন্দের একটি দিন হবে যেদিন আমার একটি লিরিক ভিডিও মিলিয়ন ভিউ পাবে। কারণ আমি সবসময়ই বিশ্বাস করি গানটা ভাবনার পৃথিবী তৈরি করে। সেই ভাবনাকে মিউজিক ভিডিওর কিছু নির্দিষ্ট গল্প আটকে দেয়। কিন্তু এই পদ্ধতি ছাড়া তো কোনো উপায় নেই।’
নিজের গান, ব্যান্ডদল নিয়ে প্র্যাকটিস আর স্টেজ শোর প্রস্তুতিতেই সময় কাটছে অবন্তীর। সময় গুনছেন ভালো শ্রোতা তৈরির। নিজের কাছে ইউটিউব ভিউ কিংবা ফেসবুকের লাইকের চেয়েও গুরুত্বপূর্ণ সুরের ছন্দে বুঁদ হয়ে থাকা শ্রোতা যদি তার গানে মানসিক প্রশান্তি পায়!
উল্লেখ্য, চলতি সপ্তাহে অনন্যা ইউটিউব চ্যানেলে ‘অনন্যা আড্ডা’য় অংশ নেন তিনি। সেখানে গান-গল্পে নিজের জীবনের কথা বলেছেন।
অনন্যা ইউটিউব চ্যানেলের লিঙ্ক— https://www.youtube.com/channel/UCPvWXKJGBCyxZ45JOpbBOZw