‘বঙ্গবন্ধুর দূরদর্শী শিক্ষানীতি বাস্তবায়ন হলে দেশ থাকত উন্নতির শিখরে’

বঙ্গবন্ধুর শিক্ষা-ভাবনা নিয়ে আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতি যখন যোগ হয় তখনই শিক্ষা পরিপূর্ণতা লাভ করে বলে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু যে জনকল্যাণমুখী নীতি অবলম্বন করেছিলেন তা বঙ্গবন্ধুর সারাজীবনের শিক্ষা-চিন্তার ফসল। বঙ্গবন্ধুকে হত্যার এটিও ছিল বড়ো একটি কারণ। শিক্ষানীতি কার্যকর করতে বঙ্গবন্ধুর শাসনামলে শিক্ষাক্ষেত্রে যে আনুপাতিক বাজেট বরাদ্দ করা হয়, তাতে আজও পৌঁছানো সম্ভব হয়নি। বাজেটে শিক্ষা খাতে প্রতিরক্ষা খাতের চাইতে চার শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল।

গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর শিক্ষা-ভাবনা ও তার বাস্তবায়ন’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। এতে একক বক্তৃতা উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন লোক-গবেষক শামুসজ্জামান খান ও শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। সভাপতিত্ব করেন ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।

এছাড়া, অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইতিহাস সম্মিলনী আয়োজিত একক বক্তৃতাগুলো নিয়ে ‘বঙ্গবন্ধুর জয়যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন মুনতাসীর মামুন ও তপন পালিত। অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সারা জীবন শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের সীমিত সম্পদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শিক্ষার এমন এক দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করেছিলেন যা শিক্ষাক্ষেত্রে সুদূরপ্রসারি ভূমিকা রাখবে। প্রতিরক্ষার চাইতে শিক্ষায় বরাদ্দ বেশি দিয়েছিলেন তিনি।

লোক-গবেষক শামসুজ্জামান খান বলেন, শিক্ষা-চিন্তার মধ্যে যে মৌলিকতা দেখা যায় তা কেবল সমাজতান্ত্রিক রাষ্ট্রেই দেখা যায়। জমিদারি উচ্ছেদ করতে হবে, প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে—এটা বঙ্গবন্ধুর সামগ্রিক চিন্তার অংশ। কোনো রাষ্ট্রনায়ক যখন কোনো দেশের রূপরেখা তৈরি করেন এবং তিনি যদি খাঁটি দেশপ্রেমিক হন তাহলে তাকে সেই সামগ্রিক চিন্তা করতে হয়। বঙ্গবন্ধু ঠিক সেটাই করেছিলেন। শিক্ষা-চিন্তায় বিশ্বের উন্নত দেশগুলো যেমন বেশি গুরুত্ব বেশি বরাদ্দ করেছিল, বঙ্গবন্ধুও সেই পথেই হেঁটেছেন।

মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী রাজনীতিবিদ। তিনি শিক্ষা নিয়ে যে সব সিদ্ধান্ত নিয়েছেন ও পরিকল্পনা করেছিলেন তা যদি আজ বাস্তবায়িত হতো তাহলে বাংলাদেশ উন্নতির শিখরে অবস্থান করত। স্বাধীনতার পর বাংলাদেশ আর্থিকভাবে খুব দুরবস্থার মুখে দাঁড়িয়েছিল। সেই সময় অভাবকে মোকাবিলা করেও বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে ভেবেছিলেন এবং পরিকল্পনা করেছিলেন।