জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু বিষয়ক পুস্তক প্রদর্শনী ও পাঠের আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। আজ রবিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এ আয়োজনে ঢাকা নারায়ণগঞ্জের পাঁচটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগিতায় অংশ নেবেন। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকে তুলে ধরা ও বইপাঠের প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর পাঁচ দিনের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বইয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। বিশ্বজুড়ে মাদকের আসক্তি, ইলেক্ট্রনিক মিডিয়া ও সেল ফোনের আগ্রাসনের কালে বই পড়ার দিকে জাতিকে আগ্রহী করে তুলতে হবে। সেই লক্ষ্যেই গ্রন্থকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি শ্যামল পাল ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক সুহিতা সুলতানা। ফরিদ আহমেদ বলেন, বইয়ের পাঠক সবচেয়ে বেশি শিশু-কিশোররা। বই বিক্রির দিকে এগিয়ে রয়েছে শিশু-কিশোর উপযোগী বই। পাঠক সৃষ্টি করতে হলে শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচ দিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল। আর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ প্রতিযোগিতায় ঢাকা থেকে রাজউক উত্তরা মডেল কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, বিয়াম স্কুল এন্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।